# Tags

সড়ক অবরোধ করে অপসারণ দাবী, ভয়ে পালালেন চিকিৎসক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: টেস্ট বাণিজ্য, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার প্রতিবাদে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারণ দাবীতে মানববন্ধন, সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। ঘটনার পর থেকে ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে অভিযুক্ত ওই চিকিৎসক।

সোমবার সকাল দশটায় উপজেলা হাসপাতাল রোডে সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন শেষে দেড় ঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এসময় মহাসড়কের দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন সহ পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়।

পরে উর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে আলোচনার পর আগামী ২৪ ঘন্টার মধ্যে ডা. মনিরুজ্জামানকে অপসারণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এসময় এ স্বাস্থ্য কর্মকর্তার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।

এরআগে মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্রনেতা সাব্বির হোসেন, মোর্শেদ হাসান ও সানাউল হোসেন।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা বলেন, দুর্নীতিবাজ এ কর্মকর্তার অপসারণের জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসলেও বহাল তবিয়তে থেকে কমিশন আদায়ের জন্য টেস্ট বাণিজ্য করে আসছিলো ডা. মনিরুজ্জামান। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য দপ্তর। যেকারনে আরো বেপরোয়া হয়ে উঠে সে। এনিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে আসছিলো। ফলে এই কর্মসূচি পালন করতে বাধ্য হয় সচেতন নাগরিকরা।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তারা কথা না রাখলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনকারী ও ঘটনাস্থলে উপস্থিত থাকা একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, সোমবার সকালে ডা. মনিরুজ্জামানের পদত্যাগ দাবীতে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন শুরু করে সচেতন নাগরিকরা।

এসময় ডা. মনিরুজ্জামানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের দালালরা মানববন্ধনের সামনে দিয়ে উদ্দেশ্যহীন ভাবে তিনবার মহড়া দেয়। এরপরই আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করেন।

উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। পরে যান চলাচল স্বাভাবিক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ যে, গত কয়েকদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. মনিরুজ্জামানের টেস্ট বাণিজ্যের বিষয়টি ভাইরাল হয়। এনিয়ে গণমাধ্যম সংবাদ প্রকাশিত হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।